29/05/2026
#গল্পবিহীনকল্পনা
#কলমেপরিচালক
গত কয়েক বছরে কর্মসূত্রে এবং ব্যক্তিগত সূত্রে যতজনের সঙ্গে পরিচয়টা একটু ঘনিষ্ঠভাবে হলো, তারা সকলেই দেখলাম যন্ত্রণাদগ্ধ | আমার
পেশাটা এমন, যাতে বহু মানুষের সঙ্গে প্রতিনিয়ত আলাপ হয় | সত্তর এবং আশির দশকের মধ্যবিত্ত উচ্চাকাঙ্ক্ষার ফসলেরা আজ মধ্যবয়সের যুদ্ধ চালাচ্ছেন | জীবন চিরকালীন একটি যুদ্ধক্ষেত্র, সেবিষয়ে কোনো সন্দেহ নেই | কিন্তু দেখার মতো বিষয় হলো আজকের সৈনিকদের একাকিত্ব সীমাহীন | অবসাদ ক্রমশ: ' নিউ নরমাল ' - এ পরিণত হয়েছে | এমনকী নগরসভ্যতা ছাড়িয়ে গ্রাম থেকে গ্রামান্তরেও হানা দিয়েছে এই গভীর অসুখ | প্রায় ' ঠগ বাছতে গাঁ উজাড় ' পরিস্থিতির ফলে কেউই আজ আর অন্য কাউকে মানসিক আশ্রয় দেবার মতো অবস্থায় নেই | কেবল একেকটি আত্মহননের ঘটনার পর কিছুদিনের জন্য ' গেলো গেলো ' রব তোলা ছাড়া আর তেমন কিছু করে ওঠা যায়নি এখনো পর্যন্ত | সফলতা, খ্যাতি, অর্থ এসব কোনোকিছুই এই মহাশূন্যময় মানসিক অবসাদের সমাধান নয় | ওষুধপত্র ? হ্যাঁ, কিছুদূর হয়তো আটকাতে সক্ষম | কিন্তু কতদূর ? সামনে হয়তো এক ভয়াবহ ভবিষ্যৎ | এমন একদিন, যখন প্রত্যেকেই নিজেকে ভাবতে শুরু করেছে, সে অপ্রয়োজনীয় | কোনো এক অসীম সর্বনাশের অন্ধকার যাত্রাপথ এই জীবন |
সৌরভ সরকার
চিত্রপরিচালক
২৯ মে , ২০২৬